ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন, ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে এবার কঠিন শাস্তির মুখে ভারত
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি নেয়া-না নেয়া নিয়ে মঞ্চস্থ হলো এক নাটক। নিয়ম অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে শিরোপা বুঝে নেয়ার কথা ছিল ভারতের। তবে রাজনৈতিক বৈরিতার জেরে তারা নাকভির হাত থেকে পুরস্কার নিতে চায়নি এবং শেষ পর্যন্ত ট্রফি গ্রহণ না করেই মাঠ ছাড়ে।
এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি রানার্সআপ হওয়া পাকিস্তান দলের হাতে মেডেল তুলে দেন এবং মহসিন নাকভিকে সঙ্গে নিয়ে প্রাইজমানি হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল জানিয়েছেন, এসিসি ভারতকে শিরোপা পৌঁছে দেয়ার চেষ্টা করবে। এই বিষয়ে এসিসির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি নিশ্চিত করেন।
বুলবুল গণমাধ্যমকে বলেন,‘বোর্ডের সঙ্গে আলোচনা চলছে এসিসির এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে। সেখানে আমি উপস্থিত থাকব। তো চেষ্টা করব আমরা যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে।’
ভারতের শিরোপা না নেয়ার ব্যাখ্যা দিয়ে বুলবুল বলেন,‘এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসের সামনে বলা যাবে না। তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্সআপ হয়েছে। তো একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল। পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা হয়তো, তারা চ্যাম্পিয়নস ট্রফি নিতে চায়নি।’
বুলবুল এদিন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলেছেন। তিনি জানান, গম্ভীর বাংলাদেশ দলের ব্যাটিংয়ে উন্নতির জন্য তাকে পরামর্শ দিয়েছেন। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের জায়গায় বাংলাদেশ থাকতে পারত বলেও আক্ষেপ করেন বুলবুল।

No comments