হঠাৎ আশরাফুলের কোচের দায়িত্ব নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল বিসিবি



আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন মোহাম্মদ সালাহউদ্দীন। তখন তিনি জানিয়েছিলেন, দায়িত্বটা উপভোগ করতে পারছেন না বলেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবিতে একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও জানিয়েছিলেন সালাহউদ্দীন।

তবে তাঁর সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে আজ প্রথম আলোকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। তিনি বলেন, ‘এটা নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। পদত্যাগপত্র গৃহীত হয়নি। সে জাতীয় দলের সঙ্গেই থাকছে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। তখন জানানো হয়েছিল, শুধু এই সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। তবে আজ নাজমূল জানিয়েছেন, আশরাফুলও নিজের দায়িত্ব পালন করে যাবেন।  

সেটি কি টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কি না তা জানতে চাইলে নাজমূল আভাস দিয়েছেন আরও দীর্ঘ মেয়াদের, ‘এটাই এখন আমাদের টিম ম্যানেজমেন্ট।’ ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত মোহাম্মদ সালাহউদ্দীনের সঙ্গে বিসিবির চুক্তি। জাতীয় দলে দায়িত্ব পালন করে যেতে কেন আবার রাজি হলেন, তা জানতে ফোন করা হলেও সালাহউদ্দীনকে পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.