বড় দুঃসংবাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
ঘরের মাঠে বাংলাদেশ নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মূলত আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে আকস্মিক পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে অজি ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করে সেই উইন্ডোতে নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি আয়োজন করবে তারা।
আগামী অক্টোবরে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা নিগার সুলতানা জ্যোতিদের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল টাইগ্রেসদের। কিন্তু আইসিসির নতুন টুর্নামেন্ট ‘নারী চ্যাম্পিয়ন্স ট্রফি’র সময় এগিয়ে আসায় ওলটপালট হয়ে গেছে পুরো সূচি।
আইসিসির এই টুর্নামেন্টটি আগামী বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আইসিসির সর্বশেষ বোর্ড সভায় টুর্নামেন্টটি কয়েক মাস এগিয়ে এনে আগামী বছরের ফেব্রুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বড় পরিবর্তনের কারণেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করতে বাধ্য হয়েছে সিএ।
হুট করে সূচি পরিবর্তনের এই সিদ্ধান্তে রাজি হওয়ায় এবং ইতিবাচক সাড়া দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে সিএ জানায়, আমরা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এই জটিল পরিস্থিতিতে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। বিশেষ করে, নিউজিল্যান্ড দল দুই দফায় অস্ট্রেলিয়া সফর করতে রাজি হওয়ায় আমরা কৃতজ্ঞ।

No comments