স্বপ্নেও যা কেউ ভাবতে পারানি, ক্যারিয়ারের সবচেয়ে বড় সুখবর পেলেন তাইজুল ইসলাম
ঘরের মাঠে টেস্টে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নির্ভরযোগ্য বোলার তাইজুল ইসলাম। বিষাক্ত স্পিনে প্রতিপক্ষতে ঘায়েল করতে তার জুড়ি নেই। সবশেষ এই ধকল সহ্য করতে হয়েছে আয়ারল্যান্ডকে। টাইগারদের হাতে ধবলধোলাই হয় তারা। সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেয়েছেন তাইজুল।
নভেম্বর মাসের সেরা খেলোয়াড় হতে ২ জন ক্রিকেটারকে হারাতে হবে তাইজুলকে। এই দুজনও স্পিনার। তারা হলেন—দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ।
শুক্রবার (৫ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় তাইজুলকে নিয়ে আইসিসি লিখেছে, ‘ঘরের মাঠে নির্ভরযোগ্য ম্যাচজয়ী হিসেবে সুনাম বজায় রেখেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।’
আইরিশ সিরিজেই উইকেট সংখ্যায় সাকিব আল হাসানকে পেছনে ফেলে দেন তাইজুল। ৭১ ম্যাচে ২৪৬ উইকেট নিয়ে এতদিন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন সাকিব। আয়ারল্যান্ড সিরিজ শেষে ৫৭ টেস্টে তাইজুলের শিকার ২৫০ উইকেট।
তাইজুলের প্রতিদ্বন্দ্বী হারমার গত মাসে ভারতের মাঠে অবিশ্বাস্য বোলিং করেন। ৮.৯৪ গড়ে সর্বোচ্চ ১৭ উইকেট নেন এই অফ স্পিনার প্রথম টেস্টে ৮ এবং পরের টেস্টে ৯ উইকেট নেন। সিরিজসেরা হয়ে ভারতকে হোয়াইটওয়াশ করতে বড় ভূমিকা রাখেন তিনি।
অন্যদিকে, ঘরের মাঠে শ্রীলংকা ও জিম্বাবুয়েকে পেছনে ফেলে দলকে ত্রিদেশীয় সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন নওয়াজ। সিরিজ জয়ের পথে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছিলেন তিনি।
এখনো পর্যন্ত বাংলাদেশের ৩ জন খেলোয়াড় আইসিসির মাসসেরা হিসেবে নির্বাচিত হয়েছেন। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর এই কীর্তিতে গত মে মাসে নাম লেখান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
এদিকে, নারী ক্রিকেটে নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন ভারতের শেফালি ভার্মা, থাইল্যান্ডের থিপাচা পুথাওয়াং ও আরব আমিরাতের এশা ওজা।

No comments